সেরা হয়ে ১২ কোটি টাকা পেলেন, ১৬ বছর বয়সী কে এই নেনে

মাত্র ১৬ বছর বয়সে বিশ্বমঞ্চে ইতিহাস গড়েছেন থাইল্যান্ডের তরুণ রকশিল্পী নেনে রয়্যাল। জনপ্রিয় রিয়ালিটি শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর ২১তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম থাই প্রতিযোগী হিসেবে এই অনন্য সাফল্য পেলেন তিনি। ফাইনাল পর্বে নয়জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে রক ও মেটাল পরিবেশনার মাধ্যমে বিচারক ও দর্শকদের মন জয় করে নেন এই কিশোরী। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা সমমূল্যের ১০ লাখ মার্কিন ডলার।
নেনে রয়্যালের আসল নাম রাট্টিকান আমলোয়। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি জনপ্রিয় ব্যান্ড ‘দ্য হোয়াইট স্ট্রাইপস’-এর ‘সেভেন নেশন আর্মি’ গানটি পরিবেশন করেন। অডিশন পর্বে ‘দ্য ক্র্যানবেরিজ’-এর ‘জম্বি’ গানটি ভারী রক ধাঁচে গেয়েই তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই কোটির বেশিবার দেখা হয়েছে। এছাড়াও ফাইনালের চূড়ান্ত ফলের আগেই মার্কিন ব্যান্ড ‘লিনকিন পার্ক’-এর সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার বিরল সুযোগ পান তিনি। বিজয়ী ঘোষণার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই কিশোরী, মঞ্চে কান্নায় ভেঙে পড়েন তিনি।
থাইল্যান্ডের ফুকেটে বেড়ে ওঠা নেনের এই জয় নিজ দেশে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। অনেক দর্শক ইউটিউবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করেন। নেনের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বয়ে যায়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এই জয়কে দেশের জন্য সম্মানজনক বলে উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। সরকারি জনসংযোগ বিভাগ থেকেও নেনের এই অর্জনকে বিশ্বমঞ্চে থাই পরিচয়ের আত্মবিশ্বাসী বহিঃপ্রকাশ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি নেনের প্রবল আগ্রহ ছিল। মাত্র সাত বছর বয়স থেকে গিটার বাজানো শুরু করেন তিনি। ফুকেটের নাকা উইকেন্ড মার্কেটে পথসংগীত পরিবেশন করে নিজের দক্ষতা ঝালিয়ে নিয়েছেন তিনি, ফলে স্থানীয়দের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন এই শিল্পী। তাঁর এই সাফল্যে গর্ব প্রকাশ করেছে নাকা মার্কেট কর্তৃপক্ষ এবং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান কাজনকিয়েট আন্তর্জাতিক স্কুল। গিটার হাতে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখা ফুকেটের এই কিশোরী আজ প্রমাণ করলেন যে, অদম্য প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।
বাংলা নিউজ এডিশন — সম্পাদকীয় বিশ্লেষণ
কিশোরী শিল্পীর এই সাফল্য আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে থাইল্যান্ডের মতো দেশগুলোর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করে। বাংলাদেশের তরুণদের বৈশ্বিক প্রতিযোগিতায় উৎসাহিত করতে এবং আমাদের শিল্প-সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এটি একটি বড় শিক্ষা।
মূল খবর: প্রথম আলো