জানা গেল জায়েদের সহায়তার টাকা কেন নেননি রিফাত

দীর্ঘদিন ধরে পা ও কোমরের জটিল সমস্যায় ভুগছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুর দিকে তাকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হলেও, গণমাধ্যমে তার দুরবস্থার খবর প্রকাশের পর বর্তমানে তিনি কেবিনে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই দুঃসময়ে অভিনেতা জায়েদ খান তাকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তবে এই অর্থ প্রাপ্তি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তজনা তৈরি হয়েছে। গণমাধ্যমে রিফাত চৌধুরী অভিযোগ করেন যে, জায়েদ খান সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ তার হাতে পৌঁছায়নি। জায়েদের প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই দাবি করে রিফাত ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে প্রতারক হিসেবে অভিহিত করেন।
রিফাত চৌধুরীর এমন তীব্র প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জায়েদ খান। তার পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সময়মতো তা পৌঁছাতে ব্যর্থ হন। পরবর্তীতে সেই অর্থ নিয়ে হাসপাতালে যাওয়া হলেও রিফাত তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি জায়েদ খানের দেওয়া সেই আর্থিক সহায়তা নিতে রাজি হননি।
প্রসঙ্গত, আশির দশকের লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী কবি হিসেবেও পরিচিত। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেছেন তিনি। পাশাপাশি অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন এই শিল্পী। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এছাড়া ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘ফোর টোয়েন্টি’, ‘বনমানুষ’ ও ‘মুড়ির টিন’-এর মতো বেশ কিছু আলোচিত নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘদিনের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর আজ তিনি হাসপাতালের শয্যায় এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন।
বাংলা নিউজ এডিশন — সম্পাদকীয় বিশ্লেষণ
শিল্পীর মর্যাদা রক্ষায় নিজের কষ্ট স্বীকার করে নেওয়া আত্মসম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত। এ ধরনের ঘটনা বিনোদন অঙ্গনের মানবিক ও পেশাদার সম্পর্কের সীমাবদ্ধতাকে সামনে নিয়ে আসে, যা উত্তরণের জন্য সুসংগঠিত কল্যাণ তহবিল গঠন করা জরুরি।
মূল খবর: ডেইলি বাংলাদেশ